ইসরায়েলের আগ্রাসনের পর ইরানের পারমাণবিক কর্মসূচি কোথায় দাঁড়িয়ে—এমন প্রশ্নের জবাবে দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে এবং কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। খবর: মেহর নিউজ এজেন্সি।
আজ বুধবার এক বক্তব্যে তিনি বলেন, পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা এখনও নিজেদের দায়িত্বে অটল এবং তাঁরা যথারীতি দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ইসলামি বলেন, ‘ইরানি জনগণের অন্তরে গর্ব ও শক্তি গভীরভাবে প্রোথিত। তারা কখনও জোরজবরদস্তির কাছে মাথানত করেনি, কখনও আত্মসমর্পণ করেনি।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শত্রু যদি মনে করে সামরিক আগ্রাসনের মাধ্যমে তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারবে, তাহলে তা হবে ভয়াবহ ভ্রান্ত ধারণা।’
উল্লেখ্য, গত ১৩ জুন ভোরে ইরানের ওপর সামরিক আগ্রাসন চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর পাশাপাশি আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়।
ইসরায়েলি হামলায় ইরানের বহু সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। এছাড়া ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইসফাহানে অবস্থিত গুরুত্বপূর্ণ নাটাঞ্জ পারমাণবিক স্থাপনাতেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।