মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মো. সংগ্রাম খান (২৫) ওই কলেজের বিএ তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে শিবালয়ের জমদুয়ারা গ্রামের বাড়ির কাছে পুকুরে গোসল করতে নামেন সংগ্রাম। তার মামা বারেক খানের সঙ্গে তিনি গিয়েছিলেন। গোসল শেষে মামা বাড়ি ফিরলেও সংগ্রাম ফেরেননি। পরে পুকুরপাড়ে তার স্যান্ডেল দেখে আত্মীয়রা সন্দিহান হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
গভীর পানিতে ডুবে থাকা অবস্থায় সংগ্রামের দেহ উদ্ধার করে উথলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. শাম্মী আক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ডা. শাম্মী আক্তার জানান, "রোগীকে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পানিতে ডুবে এমনটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
জমদুয়ারা গ্রামের শাহনুর খানের একমাত্র সন্তান ছিলেন সংগ্রাম। তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।