কুমিল্লার নাঙ্গলকোটে কুমিল্লায় সাপের কামড়ে ইরফান হোসেন (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার মক্রবপুর ইউনিয়নের মাইরাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
ইরফান ওই গ্রামের শাহ আলমের ছেলে এবং ফেনীর রশিদিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশের একটি মাছের খামারে গেলে বিষধর সাপে কামড় দেয় ইরফানকে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার পর ইরফানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
ইরফানের পরিবারের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় অ্যান্টিভেনম থাকলে ইরফানকে বাঁচানো যেত। দীর্ঘ পথ পাড়ি দিয়ে কুমিল্লায় পৌঁছাতে দেরি হওয়ায় তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সালাহউদ্দিন বলেন, ‘সাপে কাটা রোগীর অ্যান্টিভেনম দেওয়ার আগে অ্যাড্রেনালিন ও নিউসিগমাই ইনজেকশন দিতে হয়। ইনজেকশন দুটি না থাকায় অ্যান্টিভেনম দেওয়া সম্ভব হয়নি। তাই রোগীকে কুমিল্লা মেডিকেলে রেফার করি।’