বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ; খেলতে পারবেন তো?

বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। মেলবোর্নে অনুষ্ঠিত বিগ ব্যাশের ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছে আসরটির বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। গত মৌসুমের প্লেয়ার্স ড্রাফট থেকেও তাকে দলে টেনেছিল হোবার্ট হারিকেন্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে সূচি এবং বোর্ডের নানা জটিলতায় তার খেলা হয়নি।

কিছুদিন আগেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জিতেছেন রিশাদ। দারুণ বোলিংয়ে সবার নজর কেড়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও নিজেকে তুলে ধরেছেন একজন কার্যকর লেগ স্পিনার হিসেবে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরমেন্সের কারণেই মূলত তাকে নিয়ে বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো তাকে নিয়ে আগ্রহী হয়ে ওঠে।

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে বিগ ব্যাশে খেলেছেন কেবল সাকিব আল হাসান, যিনি অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে ভিন্ন দুই মৌসুমে খেলেছেন। আগেরবার রিশাদ সুযোগ পেয়েও খেলতে পারেননি। সবকিছু ঠিকঠাক থাকলে এইবার অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো বিগ ব্যাশে রিশাদের অভিষেক হতে পারে। তার সেই স্বপ্ন আদৌ পূরণ হয় কিনা, সেটা সময়ই বলে দেবে।

রিশাদের পাশাপাশি বিগ ব্যাশের আগামী আসরের জন্য নিবন্ধন করেছিলেন বাংলাদেশের আরও ১০ ক্রিকেটার-  মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।

বিগ ব্যাশে বিদেশি খেলোয়াড়দের তালিকা 

অ্যাডিলেড স্ট্রাইকার্স

লুক উড, জেমি ওভারটন, হাসান আলী

ব্রিসবেন হিট

শাহীন শাহ আফ্রিদি, কলিন মুনরো, টম অ্যালসোপ

হোবার্ট হারিকেনস

ক্রিস জর্ডান, রিশাদ হোসেন, রেহান আহমেদ

মেলবোর্ন রেনেগেডস

মোহাম্মদ রিজওয়ান, হাসান খান, টিম সেইফার্ট

মেলবোর্ন স্টারস

হারিস রউফ, টম কারেন, জো ক্লার্ক

পার্থ স্কর্চার্স

ফিন অ্যালেন, লরি ইভান্স, ডেভিড পেইন

সিডনি সিক্সার্স

স্যাম কারেন, বাবর আজম, জাফর চোহান

সিডনি থান্ডার

লকি ফার্গুসন, শাদাব খান, স্যাম বিলিংস