ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে গত কয়েকদিনের মতো আজও জড়ো হয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। আজ বৃহস্পতিবার ‘ঢাকাবাসী’র ব্যানারে ছোট-বড় মিছিল নিয়ে নগর ভবনে প্রবেশ করেন তারা। এ সময় ‘ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘নগরপিতা ইশরাক ভাই’, ‘চলছে লড়াই চলবে’সহ নানা স্লোগানে মুখরিত হয় নগর ভবনের চত্বর। আন্দোলনকারীদের অবস্থানের কারণে নগর ভবনের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে।
এর আগে, দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কর্মী ও সচিবদের সঙ্গে বৈঠক শেষে গতকাল মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন ইশরাক। পরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে করোনা ও এডিস মোকাবিলা নিয়েও আলোচনায় বসেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ইশরাক সমর্থকেরা নগর ভবনে তালা ঝুলিয়ে সেবামূলক কার্যক্রম বন্ধ করে দেন। পরবর্তী সময়ে ঈদের বিরতি শেষে ১৫ জুন থেকে আবারও সেখানে অবস্থান শুরু করেন তারা।
ইশরাক হোসেন দাবি করেন, জন্ম নিবন্ধনসহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে, তবে উন্নয়ন কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। তিনি জানান, নগর ভবনের প্রধান ফটকের তালা আন্দোলনের প্রতীক হিসেবে থাকছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। অনিয়মের অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ৩ মার্চ আদালতের দ্বারস্থ হন বিএনপি প্রার্থী ইশরাক। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৭ মার্চ আদালত সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল ইশরাকের নাম গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন।
তবে ১৪ মে হাইকোর্টে একটি রিট দায়েরের কারণে শপথ অনুষ্ঠান স্থগিত রাখা হয়। এরপর আদালত রিট আবেদন খারিজ করে দিলে নতুন করে ইশরাকের শপথ দাবি করে তার অনুসারীরা আন্দোলনে নামে। এখন পর্যন্ত শপথ অনুষ্ঠিত হয়নি।