চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে চালানো পাল্টা অভিযানের অংশ হিসেবে ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’-এর দ্বাদশ ধাপে এ হামলা শুরু করেছে আইআরজিসি। এরই মধ্যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও জানায় গার্ড বাহিনী।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বর্তমানে অধিকৃত ফিলিস্তিনের আকাশে হামলার জন্য প্রস্তুত রয়েছে।’ একইসঙ্গে ইসরায়েলি বসতিতে বসবাসকারী নাগরিকদের সতর্ক করে তারা বলে, ‘তাদের এখন হয় আশ্রয়কেন্দ্রে ধীরে ধীরে মৃত্যু কিংবা দখলকৃত অঞ্চল ত্যাগের মধ্যে একটি বেছে নিতে হবে।’
আইআরজিসি আরও জানায়, হামলার সাইরেন যেন এক মুহূর্তের জন্যও থেমে না যায়, সে ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া তারা সাবেক আইআরজিসি প্রধান হোসেইন সালামির দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছে, ‘ইসরাইলের অপরাধের জবাবে ইরান অপরাধী ইহুদিদের জন্য নরকের দরজা খুলে দেবে।’
উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। একাধিক পাল্টাপাল্টি হামলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। নতুন করে আইআরজিসির এ ধরনের ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।