নিশাঙ্কার সেঞ্চুরিতে বড় রানের পথে শ্রীলঙ্কা

গল টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে দারুণ ব্যাট করছে শ্রীলঙ্কা। ইতোমধ্যেই সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তিন নম্বরে নামা অভিজ্ঞ দিনেশ চান্ডিমালও ফিফটির দ্বারপ্রান্তে। এই রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৪৪ ওভারে ১ উইকেটে ১৮১ রান। তারা পিছিয়ে আছে ৩১৪ রানে।

আজ বৃহস্পতিবার সকালে খেলা শুরুর ১৫ মিনিটেই বাংলাদেশকে ৪৯৫ রানে অল-আউট করে স্বাগতিকরা। এরপর ব্যাটিংয়ে নেমে ৪৭ রানে তাদের প্রথম উইকেটের পতন ঘটে। অভিষিক্ত লাহিরু উদানাকে ২৯ রানেই কট অ্যান্ড বোল্ড করে দেন তাইজুল ইসলাম। ব্যাস ওটুকুই। তারপর দারুণ জুটি গড়েছেন নিশাঙ্কা আর চান্ডিমাল।

১৭তম টেস্ট খেলতে নামা ২৭ বছর বয়সী নিশাঙ্কা ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ১৩৬ বলে ১৩ চার এবং ১ ছক্কায়। এ নিয়ে তৃতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত গল টেস্টে সেঞ্চুরি হলো তিনটি। এর আগে মুশফিক ১৬৩ ও নাজমুল হোসেন শান্ত ১৪৮ রান করেন। লিটন ৯০ রানে আউট না হলে আরও একটি সেঞ্চুরি বাড়ত।

পানি পানের বিরতির আগে ১৩৮ বলে ১০১ রানে অপরাজিত আছেন নিশাঙ্কা। আর চান্ডিমাল অপরাজিত আছেন ৯৫ বলে ৪৮ রানে। দুজনের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ১৩৪ রান।