টাইমড আউটের সেই ম্যাথিউসকে গার্ড অব অনার দিলেন শান্তরা

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আবহাওয়া আর রানের উৎসব মিলে গল টেস্টের যা অবস্থা, তাতে শ্রীলঙ্কার প্রথম ইনিংসটাই ম্যাথিউসের শেষ ইনিংস হয়ে যেতে পারে। অভিজ্ঞ এই লঙ্কান তারকাকে তাই গার্ড অব অনার দিয়ে মাঠে বরণ করে নিল নাজমুল হোসেন শান্তর দল।

আজ বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিন সকালে অল-আউট হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার ইনিংসের ৫২তম ওভারের পঞ্চম বলে লেগ স্লিপে সাদমানকে ক্যাচ দিয়ে ফিরেন ১১৯ বলে ৫৪ রান করা দিনেশ চান্ডিমাল। ভাঙে চান্ডিমাল–নিশাঙ্কার ২৩৮ বলে ১৫৭ রানের দ্বিতীয় উইকেট জুটি। এরপরই উইকেটে আসেন ম্যাথিউস।

শেষ ম্যাচ খেলতে নামা ৩৮ বছর বয়সী লঙ্কান তারকাকে বরণ করে নিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান বাংলাদেশের খেলোয়াড়েরা। করতালির মাধ্যমে গার্ড অব অনার দিয়ে তাকে মাঠে বরণ কর হয়। এমন দৃশ্যে গলের গ্যালারিও করতালিতে মুখর হয়ে ওঠে। প্রতিপক্ষের থেকে এমন সম্মান পেয়ে ম্যাথিউসের মুখে ছিল কৃতজ্ঞতার হাসি।

সেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে ম্যাথিউসের সঙ্গে ঝামেলা শুরু বাংলাদেশের। সেই আসরে নাজমুল হোসেন শান্তর পরামর্শেই ম্যাথিউসকে টাইমড আউট করেছিলেন তখনকর অধিনায়ক সাকিব আল হাসান। এই ঘটনা নিয়ে সেই সময় অনেক জল ঘোলা হয়েছে। চলতি সিরিজের আগে ম্যাথিউস অবশ্য বলেছিলেন যে, তিনি ওই ঘটনা মনে রাখেননি।