নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো আলাউদ্দিন (৩৭) জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের বড় বাড়ির মোহাম্মদ উল্যার ছেলে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার নাহার টাওয়ারের নির্মাণীধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নির্মাণ শ্রমিক আলাউদ্দিন উপজেলার বসুরহাট বাজারের হাসপাতাল রোড এলাকার নাহার টাওয়ারের পঞ্চম তলায় অন্যন্য শ্রমিকদের ভবন নির্মাণ কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে অসাবধানতাবশত তিনি পা পিছলে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থল থেকে দ্রুত তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো আবু কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।