কুমিল্লায় ছাত্র হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্কুলছাত্র আবুবকরকে হত্যাচেষ্টার মামলায় মো. আবুল হাসনাত অপু (৩০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সুলতানপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মধ্যনগর গ্রামের মো. আবুল খায়ের আলমের পুত্র।

বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানা পুলিশের একটি দল, উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তীর নেতৃত্বে দেবীদ্বার নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরদিন বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে হাসনাত অপুকে কুমিল্লা কোর্ট হাজতে পাঠানো হয়।

জানা গেছে, গত বছরের ৪ আগস্ট দেবীদ্বার কলেজ রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্কুলছাত্র আবুবকরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত ছাত্র আবুবকরের পিতা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ ৭৩ জনকে আসামি করা হয়।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, ভিডিও ফুটেজ ও আলামতের ভিত্তিতে আবুল হাসনাত অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার একজন সন্দেহভাজন আসামি। আহত ছাত্র আবুবকর এখনও চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।