ভালো আলোচনা হচ্ছে, কিন্তু ঐকমত‍্য হচ্ছে না: এবি পার্টি

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ৩২টি রাজনৈতিক দল নিয়ে ব‍্যাপক আলাপ-আলোচনা হচ্ছে। এর আগে দলগুলো নিজেদের কয়েকমাস ধরে বক্তব‍্য উপস্থাপন করার জন্য আলাদা আলাদা বৈঠক করার সুযোগ পেয়েছিল, তারপরও গত তিন দিন ধরে ব‍্যাপক আলোচনা, বিশ্লেষণ চলছে কিন্তু কোনও বিষয়েই ঐকমত‍্য হচ্ছে না। ইতোমধ্যে এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন ও প্রধানমন্ত্রীর মেয়াদসহ কোনও বিষয়েই চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো যায়নি, যা খুব দুঃখজনক।

আজ বৃহস্পতিবার ঐকমত‍্য কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, জনগণ চায় আমরা একটা ঐকমত‍্যে পৌঁছাই। নাগরিকগণ এতদিন যাদেরকে প্রচলিত রাষ্ট্র ব‍্যবস্থার কাছে ভয়ঙ্করভাবে নির্যাতিত হতে দেখেছেন তারা যখন সংস্কারে অনাগ্রহী হয় তখন জনগণ কিছুটা হলেও আশাহত হয়।

এর আগে ঐকমত্য কমিশনের সভায় প্রদত্ত বক্তব‍্যে মঞ্জু রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে দলের অভিমত তুলে ধরেন। তিনি বলেন, রাষ্ট্রপতির ক্ষমতার চাইতেও মর্যাদার বিষয়টি গুরুত্বপূর্ণ। তিনি রাষ্ট্রের ঐক্যের প্রতীক। প্রচলিত পদ্ধতিতে একজনকে পায়ে হাত দিয়ে সালাম করলেই রাষ্ট্রপতি হওয়া যায়। সেজন‍্য আমরা চাই প্রচলিত পদ্ধতির পরিবর্তন। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস‍্যের বাইরে একটা ইলেকট্রোরাল কলেজ গঠনের প্রস্তাবকে এবি পার্টি সমর্থন করে।

প্রধানমন্ত্রী মেয়াদ সম্পর্কিত আলোচনায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার সানী আব্দুল হক বলেন, কর্তৃত্ববাদী শাসন কাঠামো আর যাতে ফিরে আসতে না পারে সেই জন‍্য বাংলাদেশে একজন ব্যক্তি যাতে দুই বারের বেশি বিরামহীনভাবে বা অন্য যেকোনোভাবে প্রধানমন্ত্রী হতে না পারেন সে ব‍্যবস্থা প্রবর্তন করা প্রয়োজন।

দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রবর্তনের বিষয়ে তিনি বলেন, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা বাংলাদেশে প্রবর্তনের রাজনৈতিক সংস্কৃতি অনুপস্থিত বলে মনে করলেও জাতীয় ঐকমত্যের স্বার্থে এবি পার্টি তার অবস্থান পরিবর্তন করে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রবর্তনের পক্ষে মত দিয়েছে।