গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদের কারা মুক্তি, মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছেন তার সমর্থক বিএনপির নেতাকর্মীরা।
এর আগে একই দাবিতে উপজেলার হিজলতলী এলাকায় স্বামী নিজ অফিসে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী লিপি আহম্মেদ। এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছের তার স্বামীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি করেন।
পরে বিকেল ৪টার দিকে হিলজতলী এলাকা থেকে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল শুরু করে হাজার হাজার বিএনপির নেতাকর্মী। মিছিলটি ওই এলাকা থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর বাজার এলাকায় উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডিজি দেওয়ার রাব্বানির সভাপত্বি ও সুত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সাবেক নেতার স্ত্রী লিপি আহম্মেদ, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন, বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম খান, মৌচাক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বাবু বিধান চন্দ্র বর্মণ, যুবদল নেতা রিয়াজ মাহমুদসহ আরো অনেকে। সমাবেশে উপস্থিত ছিলে নেতার সমর্থক নারী-পুরুষসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।