ইসরায়েলকে প্রতিহতে এবার সাইবার হামলার হুঁশিয়ারি

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি এবার ইসরায়েলকে মুখোমুখি হতে হবে সাইবার হামলার। বৃহস্পতিবার (১৯ জুন) আত্মপ্রকাশ করেছে ‘সাইবার সাপোর্ট ফ্রন্ট’ নামে একটি ইহুদিবাদবিরোধী সাইবার গোষ্ঠী।

তারা ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক সাইবার হামলা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইট লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। এমনটি জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম। 

খবরে বলা হয়, সাইবার গ্রুপটি টেলিগ্রাম চ্যানেলে তাদের আত্মপ্রকাশের ঘোষণা করে। বেশ কয়েকটি আরব দেশের সাইবার বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এ গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে অংশ নেওয়া প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘আল-আকসা ফ্লাড অভিযানের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং প্রতিরোধ ফ্রন্টকে সমর্থনের জন্য ইহুদিবাদী সরকারকে মোকাবেলায় একটি নতুন সাইবার ফ্রন্ট খোলা হয়েছে।’

শেষে বলা হয়, ‘ইহুদিবাদীদের বিরুদ্ধে সাইবার হামলা শুরু হবে। তাই ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত সব ধরনের স্থাপনা সাইবার সাপোর্ট ফ্রন্টের লক্ষ্যবস্তু হবে।’