ড. মুহাম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্বকে বাস্তবায়ন করার জন্য গণঅভ্যুত্থান হয়নি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত বাজেট সংলাপ ২০২৫-এ এসব কথা বলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।
ফরহাদ মজহার বলেন, ‘দেশের মানুষ চেয়েছে ভিন্ন ধরনের বাজেট। যেখানে লুটপাটতন্ত্রকে অবৈধ বলা হবে। এটা পেলেই দেশের মানুষের জন্য যথেষ্ট। ‘থ্রি জিরো তত্ত্ব’ এটা একটা ব্যক্তির স্বপ্ন। কিন্তু আমাদের কথা তার এই তত্ত্ব বাজেট প্রস্তাবনায় কেন? আন্তর্জাতিকভাবে এটার খ্যাতি থাকতে পারে, কিন্তু বাংলাদেশে এই তত্ত্ব সঠিকভাবে নেই। এটা আলোচনার অধিকার আমাদের আছে। তাকে অসম্মান করার জন্য বলছি না, তবে এটা যদি তিনি বাজেটে ঢোকান তাহলে তিনি অসম্মানিত হবেন।’
ফরহাদ মজহার বলেন, ‘এটি নির্বাচিত সরকার, তবে অন্তর্র্বর্তী বটে। কিন্তু নির্বাচিত, অনির্বাচিত নয়। আমাদের লুটেরা-মাফিয়া তন্ত্রওয়ালারা বলেন এটা অনির্বাচিত সরকার। এটা নির্বাচিত সরকার; এটা আমরা মেনে নিয়েছি। কারণ জনগণ তাদের দায়িত্ব দিয়েছে। কাজেই এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি।’
কালো টাকা সাদা করার বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, এই বাজেটটা আমাদের যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট করতে পারে নাই। যে স্পিরিটটা আমরা বাজেটে দেখতে চেয়েছি; সেটা আমরা দেখি নাই।