নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ ২ নারীকে আটক করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে আদমজী বিহারী কলোনি নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর মো. আফসান আহমেদ।
আটককৃতরা হলেন- বিহারী কলোনির গফুর ভাণ্ডারীর স্ত্রী আয়েশা (৬০) ও মোস্তফার স্ত্রী ফারজানা (৩৬)।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জহুরুল ইসলাম জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আয়েশা ও ফারজানার ঘর থেকে ১৭টি দেশীয় অস্ত্র, সেনাবাহিনীর পোশাক তৈরির ১০ মিটার কাপড়, ৮৪টি প্যাকেট ও খোলা অবস্থায় ২০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৭ হাজার ১১৩ টাকা এবং ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা হয়েছে।