ইরানের পরমাণু সমৃদ্ধিকরণ ঠেকাতে একমত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য

ইরান-ইসরায়েল সংকট ও ইরানের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধিকরণ ঠেকানো নিয়ে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।

বৈঠকে তারা ইরান-ইসরায়েল সংকট ও পারমাণবিক অস্ত্র ঠেকাতে একমত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদুলু।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে ইসরায়েল-ইরান চলমান সংকট নিয়ে আলোচনা হয় এবং দুই পক্ষই একমত হন যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অধিগ্রহণ করতে পারবে না।

এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হয়েছে যখন ইসরায়েল গত শুক্রবার ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে তেহরান পাল্টা হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও জানানো হয়, রুবিও ও ল্যামি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে যৌথ প্রচেষ্টা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়েও আলোচনা করেছেন।

এছাড়া, নেদারল্যান্ডসের দ্য হেগ-এ অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলন নিয়েও তারা মতবিনিময় করেন এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।