ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

গত কয়েকদিনের টানা বৃষ্টি আর সাথে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। দুইয়ে মিলে পানি চাপে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে গেছে। বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে ফলে প্লাবিত হয়েছে নদীর আশে পাশের নিম্নাঞ্চল। 

প্রথমে বৃহস্পতিবার দুপুরে মির্জানগর ইউনিয়নের সুবার বাজারসংলগ্ন মনিপুর গ্রামে এবং পরে রাতে ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। বাঁধ ভাঙা পানির কারণে চরম দুর্ভোগে পড়েছে এসব গ্রামের বাসিন্দারা।

বরাইয়া বাঁধ ভাঙার ঘটনায় ফেনীর দক্ষিণবরইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিখপুরসহ বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়। এ ছাড়া ফুলগাজী বাজারের দোকানপাটে পানি ঢুকে পড়ায় সেখান মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে পরশুরাম উপজেলায়ও একাধিক স্থানে নদীর পানি ঢুকে লোকালয় প্লাবিত হয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, শুক্রবার সকাল থেকে নদীর পানি কমতে শুরু করেছে যা এখন বিপদসীমার নীচে আছে। তবে পানির ঢলের কারণে মুহুরী নদীর বেশ কিছু স্থানে বাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি রয়ে গেছে বলেও জানান তারা।