ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে ঘরছাড়া ৮ হাজারের বেশি ইসরায়েলি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পেতে গত একসপ্তাহে বাড়িঘর ছেড়েছে ৮ হাজারের বেশি ইসরায়েলি। দেশটির সম্পত্তি কর ক্ষতিপূরণ তহবিলের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ।

খবরে বলা হয়, গত ১৩ জুন ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে মোট ৮ হাজার ১৯০ জন ইসরায়েলি তাদের বাড়িঘর থেকে সরে গেছে।

ক্ষেপণাস্ত্র হামলায় ভবন, যানবাহন, ব্যক্তিগত সামগ্রী বা সরঞ্জামের ক্ষয়ক্ষতির জন্য ৩০ হাজার অভিযোগ জমা পড়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

গত শুক্রবার ইসরায়েল সামরিক ও পরমাণু স্থাপনাসহ ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালালে তেহরান পাল্টা হামলা চালায়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।

এদিকে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইরানে ৬৩৯ জন নিহত ও ১৩০০ জনেরও বেশি আহত হয়েছেন।