ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে রাশিয়ার প্রতিক্রিয়া ‘অত্যন্ত নেতিবাচক’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খামেনিক হত্যা এ অঞ্চলে ‘প্যান্ডোরার বাক্স খুলে দেবে’ বলেও মন্তব্য করেন তিনি।
সেন্ট পিটার্সবার্গের কনস্টানটাইন প্রাসাদে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা সে বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে সাক্ষাৎকারে দিমিত্রি পেসকভ বলেন, ‘পরিস্থিতি শুধু এই অঞ্চলের জন্যই নয়, বিশ্বব্যাপী অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক। সংঘাতে নতুন কারও অংশগ্রহণ পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে।’
‘এতে এই অঞ্চলের সংঘাত অন্য একটি অঞ্চলে ছড়িয়ে উত্তেজনা বাড়িয়ে তুলবে,’ বলেন পেসকভ।
স্কাই নিউজ বলছে, ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে রাশিয়া ইরানের সঙ্গে তার সম্পর্ক আরও গভীর করেছে। গত জানুয়ারিতে দুই দেশ একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তবে ইসরায়েল-ইরান সংঘাতে মস্কোর মধ্যে মধ্যপ্রাচ্যে তার নিকটতম মিত্রকে হারানোর শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে পেসকভ ওয়াশিংটনের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘(ইরানে সরকার পরিবর্তন) অকল্পনীয়। এটা মেনে নেওয়ার মতো নয়, এমনকি এ বিষয়ে কথা বলাও সবার জন্য অগ্রহণযোগ্য হওয়া উচিত।’
খামেনিকে হত্যা করা হলে রাশিয়া কী পদক্ষেপ নেবে সে বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়ে পেসকভ বলেন, ‘ইরানের ভেতর থেকে পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি বলেন, ‘এতে ইরানের অভ্যন্তরে চরমপন্থী তৈরি হবে এবং যারা (খামেনিকে হত্যা) করার কথা বলছে— তাদের মনে রাখা উচিত তারা প্যান্ডোরার বাক্স খুলবে।’