ইরানের রাস্তায় ইসরায়েল ও পশ্চিমাবিরোধী বিক্ষোভ

এক সপ্তাহে ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে হাজার হাজার ইরানি। ‘ঘৃণা ও বিজয়’ র‌্যালি নামে এ বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ এবং নিজ দেশের প্রতি অবিচল সমর্থন প্রকাশ করে ইরানিরা।

শুক্রবার (২০ জুন) জুম্মার নামাজের পর রাজধানী তেহরান ও অন্যান্য শহরের রাস্তায় এ বিক্ষোভ হয়।

বার্তা সংস্থা সিএনএনের খবরে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছিল হাজার হাজার ইরানি। বিক্ষোভে অনেকেই পতাকা উড়িয়ে পশ্চিমাবিরোধী স্লোগান দিচ্ছিলেন।

ইরানের রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত ছবিতে রাজধানী তেহরানের রাস্তা দিয়ে বিশাল জনতার মিছিলে বিক্ষোভ জানাতে দেখা যায়। কিছু ছবিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হাতে নিহত ইরানি কমান্ডারদের ছবি ছিল।

অন্যরা লেবাননের হিজবুল্লাহর পতাকা উড়িয়েছিল, যারা ইরানের অন্যতম প্রধান আঞ্চলিক মিত্র।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির ফুটেজে বিক্ষোভকারীদের ইসরায়েল ও পশ্চিমাবিরোধী স্লোগান দিতে দেখা গেছে।

তাসনিম নিউজের খবরে বলা হয়, ইরানের জনগণ বর্বরোচিত ইহুদিবাদী হামলার নিন্দা জানিয়ে স্লোগান দেয় এবং মাতৃভূমি রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে।