আগস্টেই বাংলাদেশের নাগরিকত্ব পাচ্ছেন জায়ান হাকিম!

ইংল্যান্ডের অষ্টম স্তরের ক্লাব অ্যান্সটে নোম্যাডসের হয়ে খেলেন জায়ান হাকিম। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা, বাঁ পায়ের জাদু, গতি আর গোল করার তীব্র ক্ষুধা দেখা যায় মাঠে। তিনিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ ফুটবল মহলে। গত মৌসুমে ৫৫ ম্যাচে ১৮ গোল করা এই প্রবাসী ফরোয়ার্ডকে ঘিরে জেগে উঠেছে বহুদিনের আক্ষেপ ঘোচানোর স্বপ্ন—বাংলাদেশের জাতীয় দলের নাম্বার নাইনের শূন্যস্থান যেন এবার পূরণ হতে যাচ্ছে।

২৬ বছর বয়সী জায়ান মোহাম্মদ জুনায়েদ হাকিমের খেলার ধরন আর শারীরিক গঠনে ফুটবলবোদ্ধারা দেখছেন সম্ভাবনার ঝলক। তার পেছনে বল ছুড়ে দেবে হামজা চৌধুরী কিংবা শমিত সোম, আর প্রতিপক্ষের জালে বল জড়াবেন জায়ান—এমন কল্পনায় মশগুল এখন দেশের ফুটবলপ্রেমীরা।

জায়ানের স্বপ্ন বাস্তবে রূপ দিতে ইতোমধ্যে সক্রিয় হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইংল্যান্ডে জন্ম নেওয়া এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে রাজি। জাতীয় একটি গণমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কো-চেয়ারম্যান ইমরুল হাসান।

তিনি বলেন, ‘জায়ান হাকিমের পাসপোর্ট করার জন্য সব কাগজপত্র আমরা হাতে পেয়েছি। সে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী।’

জায়ানের পক্ষ থেকে জন্মনিবন্ধন, ডুয়েল সিটিজেনশিপ ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র ইতোমধ্যেই পাঠানো হয়েছে। সব কিছু ঠিকঠাক চললে এক থেকে দেড় মাসের মধ্যেই বাংলাদেশি নাগরিকত্ব পেয়ে যেতে পারেন তিনি। লক্ষ্য, আগামী এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচেই তাকে লাল-সবুজের জার্সিতে দেখা।

২০১৬ সালে ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাব ম্যান্সফিল্ড টাউনের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন জায়ান। এরপর খেলেছেন বারমুডা অনূর্ধ্ব-২০ দলের হয়ে, করেছেন চার গোল। ২০২৩ সালে অ্যান্টিগা অ্যান্ড বারমুডার হয়ে খেলেছেন দুইটি আন্তর্জাতিক ম্যাচও। তবে নিয়ম অনুযায়ী, নানার সূত্র ধরে তিনি বাংলাদেশের হয়ে খেলার যোগ্য।

জায়ানের নানার বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে। তার মা স্প্যানিশ, বাবা অ্যান্টিগার নাগরিক। এই বৈচিত্র্যময় পারিবারিক ব্যাকগ্রাউন্ডেও ফুটবলের প্রতি জায়ানের নিবেদন একদম খাঁটি। লেফট ফুটেড এই স্ট্রাইকার ডিফেন্ডারদের গায়ে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যান, দখলে নেন গোলমুখ।

জাতীয় দলের স্ট্রাইকার সংকট দীর্ঘদিনের। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে গোলখরায় ভোগা বাংলাদেশ দল একটি শক্তিশালী নাম্বার নাইনকে অনেক দিন ধরেই খুঁজছে। সব কিছু ঠিকঠাক চললে সেই সমস্যার সমাধান হতে পারেন জায়ান হাকিম।

আগামী ৯ অক্টোবর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলে তাকে অন্তর্ভুক্ত করার জন্য জোর তৎপরতা চালাচ্ছে বাফুফে। এশিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল মঞ্চে তার আগমন হতে পারে বড় চমক। লাল-সবুজের স্বপ্নে ডুবে থাকা জায়ান হাকিম হয়তো হবেন সেই উত্তর, যার জন্য অপেক্ষা করেছে বাংলাদেশ ফুটবল।