রোনালদোকে বন্ধু ভাবেন না মেসি, তবে করেন শ্রদ্ধা

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো—যাদের নিয়ে সমর্থকদের আবেগ, বিতর্ক আর তুলনামূলক আলোচনা চলে যুগের পর যুগ। তবে ব্যক্তিগত সম্পর্কের জায়গায় এই দুই কিংবদন্তির মাঝে খুব একটা সখ্যতা কখনোই গড়ে ওঠেনি।

সম্প্রতি ডি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সত্যটিই অকপটে জানিয়ে দিলেন লিওনেল মেসি।

মেসির সরল স্বীকারোক্তি, ‘আমরা বন্ধু নই, কারণ আমাদের একসঙ্গে সময় কাটানোর সুযোগ হয়নি।’

তবে সঙ্গে যোগ করেন, ‘রোনালদোর প্রতি আমার গভীর শ্রদ্ধা আর মুগ্ধতা আছে—ওর অসাধারণ ক্যারিয়ারের জন্য, আর এখনো সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়ার জন্য। আমাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল মাঠের ভেতরে, সেখানেই সীমাবদ্ধ ছিল সবকিছু। মাঠের বাইরে আমরা দুইজনই সাধারণ মানুষ।’

মেসি বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে, আর রোনালদো সৌদি ক্লাব আল-নাসরে। বয়সের ঘরে একজন ৩৮, অন্যজন ৪০ ছুঁয়েও দুজনই এখনো খেলে যাচ্ছেন পেশাদার পর্যায়ে। দুই মহাতারকার ক্যারিয়ারে মোট গোলের সংখ্যা প্রায় ২ হাজার, যার মধ্যে রোনালদোর গোল ৯৩৮টি, আর মেসির ৮৬৬টি।

সাম্প্রতিক সময়েও তাদের দেখা হয় কেবল পুরস্কার বিতরণী মঞ্চে। সেই দূরত্বের কথাও আগে স্বীকার করেছিলেন মেসি, ২০১৭ সালে ‘মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘বন্ধুত্ব সময় নিয়ে গড়ে ওঠে। আমরা একে অপরের সঙ্গে খুব একটা সময় কাটাই না। আমাদের দেখা হয় কেবল পুরস্কারের অনুষ্ঠানে। সম্পর্ক খারাপ না, কিন্তু খুব একটা যোগাযোগও নেই।’

অন্যদিকে, স্প্যানিশ গণমাধ্যম এল চিরিংগিতোকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানান, মেসির সঙ্গে তার সম্পর্ক ‘ভালো’ এবং তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল ‘স্বাস্থ্যকর’।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ছিল, আমরা একে অপরকে সম্মান করতাম। একবার তো আমি ওকে ইংরেজি অনুবাদও করে দিচ্ছিলাম একটা অনুষ্ঠানে, সেটা খুব মজার ছিল।’

সম্ভবত কেবল সময় আর পরিস্থিতির দূরত্বই তাদের আলাদা রেখেছে। বন্ধুত্বের সম্পর্ক গড়ে না উঠলেও—পারস্পরিক শ্রদ্ধা ও মাঠের ভেতরের প্রতিযোগিতা দিয়েই ফুটবল ইতিহাসে তাঁরা হয়ে থাকবেন একে অপরের সবচেয়ে সম্মানজনক প্রতিপক্ষ।