সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে নতুন দল বিআরপি’র আত্মপ্রকাশ

দেশে নতুন একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)। সাবেক দুই সামরিক কর্মকর্তার নেতৃত্বে গঠিত এ দলের শীর্ষ উপদেষ্টা করা হয়েছে আলোচিত ক্যাসিনোকাণ্ডে জড়িত থেকে গ্রেপ্তার হওয়া সেলিম প্রধানকে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে দলের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় কমিটির নাম পাঠ করে শোনান জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি।

দলটির সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মেজর (অব.) মো. রাজিবুল হাসান। প্রধান উপদেষ্টা মো. সেলিম প্রধান। সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ আলী সিকদার। সহসভাপতির দায়িত্বে আছেন ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ইমরান, মো. আয়াজ আহমেদ, অ্যাডভোকেট নাসির উদ্দিন ও মো. বায়েজিদ।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান, সাজ্জাদ হোসেন ইউনুস ও মো. আহসানুল্লাহ। সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) রাকিবুল হাসান এবং মঞ্জুর হোসেন। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন হাফেজ আবুল হাসানাত, মো. জাহিদুল ইসলাম, মুশফিকুর রহিম রনি, কামরুল হাসান।

আইনবিষয়ক সম্পাদক অলিদ আহমেদ, নারী ও শিশুবিষয়ক সম্পাদক আনিকা তাসনীম খান, সহসম্পাদক মৌসুমী আক্তার সুমি, শ্রমবিষয়ক সম্পাদক শাহাদাত হোসাইন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক সম্পাদক মেজর (অব.) শাহেদুল ইসলাম।

তাছাড়া দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত, আপ্যায়নবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, সহসম্পাদক মোছা. শারমিন আক্তার মুক্তা, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. রাহুল আমিন, স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক সৌরভ চন্দ্র মজুমদার।

দলটির স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘সবার উপরে দেশ’।


সভাপতি মেহেদী হাসান বলেন, “আমরা ভোটের রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে এসেছি। বাংলাদেশপন্থী রাজনীতি চাই। দিল্লি, পিণ্ডি বা নিউইয়র্ক নয়, আমরা ন্যায্যতার ভিত্তিতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই।”

দলের ঘোষণাপত্র পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনুস। সেখানে বলা হয়, “ঐতিহাসিক ’৪৭, ’৭১-এর মুক্তিযুদ্ধ ও ’২৪-এর গণ–অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা এই দল গঠন করেছি। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।”

ঘোষণাপত্রে বিআরপিকে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেওয়া হয়। দলটি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতির প্রতিশ্রুতি দিয়েছে। তাদের দাবি, বিআরপি শুধু একটি দল নয়, এটি একটি “নতুন রাজনৈতিক মঞ্চ”—যেখানে ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতার লালসা নয়, বরং সামষ্টিক কল্যাণ, সুবিচার ও নাগরিক মর্যাদা হবে রাজনীতির মূল ভিত্তি।

প্রসঙ্গত, দলের প্রধান উপদেষ্টা সেলিম প্রধান ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় থাইল্যান্ডগামী বিমানে ওঠার আগমুহূর্তে গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়, যার মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিনি চার বছরের সাজা পান এবং ২০২৪ সালে সেই সাজা ভোগ শেষে মুক্তি পান।