নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ

বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সবার উপরে দেশ’ স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে দলটি। সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকদের উদ্যোগে এ রাজনৈতিক দল গঠিত হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী আয়াতুল্লাহ বাস্তি দলের নতুন নাম ঘোষণা করেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিআরপির ঘোষণাপত্র পাঠ করেন দলটির যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন ইউনুস। ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশ রিপাবলিক পার্টি হবে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল। সামষ্টিক কল্যাণ ও নাগরিক মর্যাদা হবে এর মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিআরপির ২৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন শহীদ আনাসের মা। এতে সভাপতি হয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মেহেদী হাসান, সিনিয়র সহসভাপতি সাঈদ আলী সিকদার, সহসভাপতি ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ইমরান, আয়াজ আহমেদ, অ্যাডভোকেট নাসিম উদ্দিন মোহাম্মদ বায়েজিদ; সাধারণ সম্পাদক মেজর (অব.) মো. রাজিবুল হাসান; যুগ্ম সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান, সাজ্জাদ হোসেন ইউনুস, মো. আহসানুল্লাহ; প্রধান উপদেষ্টা মো. সেলিম প্রধান; সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) রাকিবুল হাসান, কৃষিবিদ মঞ্জুর হোসেন; সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল হাসানাত, মো. জাহিদুল ইসলাম, মুশফিকুর রহিম রনি, ইঞ্জিনিয়ার কামরুল হাসান; আইন সম্পাদক অ্যাডভোকেট অলিদ আহমেদ; নারী ও শিশু সম্পাদক আনিকা তাসনীম খান; সহ-সম্পাদক মৌসুমী আক্তার সুমি; শ্রম সম্পাদক শাহাদাত হোসাইন; পার্বত্য চট্টগ্রাম সম্পাদক মেজর (অব.) শাহেদুল ইসলাম; সহ-সম্পাদক সহকারী পরিচালক মো. জহিরুল হক; দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ইয়াসির আরাফাত; আপ্যায়ন সম্পাদক মনিরুল ইসলাম; সহ-সম্পাদক মোছা. শারমিন আক্তার মুক্তা; শিক্ষা সম্পাদক মো. রাহুল আমিন ও স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. সৌরভ চন্দ্র মজুমদার।

বিআরপির প্রধান উপদেষ্টা সেলিম প্রধান বলেন, ‘যারা দুর্নীতি, চাঁদাবাজির রাজনীতি করছে তাদের রাজনীতি আমরা কঠিন করে তুলব। রাজনীতি কী, সেটা আমরা দেখিয়ে ছাড়ব।’