গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের তথ্য আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দিয়েছেন বলে গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের তৃণমূল থেকে কেন্দ্রীয় সংসদের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে যারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং নির্যাতন, নিপীড়ন, গ্রেপ্তার ও মামলার শিকার হয়েছেন, তাদের জুলাই-আগস্টের আন্দোলনে অংশগ্রহণের ভিডিও, ছবি, পেপার কাটিং বা অন্য যেকোনো ধরনের প্রামাণ্য ডকুমেন্ট সংগ্রহ করার কার্যক্রম শুরু হয়েছে। এসব তথ্য কারও কাছে থাকলে পাঠাতে আহ্বান জানিয়েছে ছাত্রদল।
এতে বলা হয়, আগামী ২৮ জুন ৮টার মধ্যে ছাত্রদলের বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের এবং জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের সব ইউনিটের নেতাকর্মী ও সমর্থকদের নাম, পদবি ও ঘটনাস্থলের ছবি, ভিডিও, অন্য ডকুমেন্টস এবং জুলাই-আগস্টের আন্দোলন চলাকালীন যারা গ্রেপ্তার, মামলা, রিমান্ড ও সরকারি বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মামলার এজাহার, এফআইআর, ফরোয়ার্ডিংসহ সংশ্লিষ্ট নথিপত্রের ফটোকপি বা স্ক্যানকপি ছাত্রদলের ৩৮টি সাংগঠনিক দায়িতপ্রাপ্ত টিমের কাছে ও নিজ জেলা বা মহানগর ইউনিটের দপ্তরে হোয়াটসঅ্যাপ বা ই-মেইল যোগে পাঠানোর অনুরোধ করা হচ্ছে।