ইরানে শক্তির পুনর্বিন্যাস: সামরিক শক্তিধর রাষ্ট্রের উত্থান

পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক ইতিহাসে আবারও এক গুরুত্বপূর্ণ বাঁক তৈরি হলো। তবে এ বাঁক কোনও উচ্চঘোষিত বিপ্লব নয়, বরং এক নীরব ও সুপরিকল্পিত অভ্যন্তরীণ পরিবর্তন, যার প্রতিধ্বনি এখন শুধু তেহরানের অলিগলিতেই নয়—গুঞ্জরিত হচ্ছে ওয়াশিংটনের কূটনৈতিক করিডোর, তেলআবিবের সামরিক বাংকার, রিয়াদের প্রাসাদ আর মস্কোর জ্বালানিনির্ভর কূটনীতিতে।

এই নীরব কিন্তু দূরপ্রসারী রাজনৈতিক ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি তাঁর পূর্ণ রাষ্ট্রীয় ক্ষমতা—কেবল প্রশাসনিক নয়, বরং কার্যকর শাসন ও নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ সিদ্ধান্তের কর্তৃত্ব—হস্তান্তর করেছেন বিপ্লবী গার্ড বা Islamic Revolutionary Guard Corps (IRGC)-এর ‘সুপ্রিম হাউস’-এর হাতে। ইতিহাসে এই সিদ্ধান্ত একটি নাটকীয় মোড়, যা ইরানের রাষ্ট্রীয় কাঠামোর মূল স্তম্ভে মৌলিক পরিবর্তন আনছে। রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে খামেনির এই দূরদর্শিতার প্রভাবে ইরানে যে পরিবর্তনগুলো সূচিত হতে পারে তার ফলাফল বেশ সুদূরপ্রসারী

প্রশাসনিক নয়, পূর্ণ শাসনক্ষমতার হস্তান্তর

এই পদক্ষেপ শুধুমাত্র কিছু দায়িত্ব অর্পণের প্রচলিত প্রক্রিয়া নয়। বরং এটি কার্যত একটি “ডি-ফ্যাক্টো” ক্ষমতা হস্তান্তর, যা IRGC-কে এখন এমন সিদ্ধান্ত নিতে ক্ষমতা দিচ্ছে—যার জন্য আগে ধর্মীয় অনুমোদন বা রাজনৈতিক সম্মতির প্রয়োজন হতো।

পারমাণবিক অস্ত্র ব্যবহার, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান, পারস্য উপসাগরে সামরিক উত্তেজনা সৃষ্টি অথবা বিদেশে গুপ্তচরবৃত্তির মতো উচ্চস্তরের সিদ্ধান্তগুলো এখন সরাসরি গার্ড বাহিনীর অধীনে। এতে রাষ্ট্রের কৌশলগত দিকনির্দেশনাও চলে গেছে সেনাবাহিনীর হাতে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরান একটি ধর্মীয়-অভিভাবকতন্ত্রের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছিল। সর্বোচ্চ নেতা ছিলেন শুধু ধর্মীয় প্রধান নন, রাষ্ট্রীয় সর্বময় ক্ষমতার অধিকারী। এই ঐতিহাসিক কাঠামো এখন প্রথমবারের মতো নড়বড়ে হয়ে পড়েছে—এবং তার স্থানে গড়ে উঠছে এক “আধ্যাত্মিক ছায়ায় পরিচালিত সামরিক কর্তৃত্ব”।

খামেনি-পরবর্তী অনিশ্চয়তা মোকাবেলায় আগাম প্রস্তুতি

বিশ্লেষকদের মতে, খামেনি তাঁর এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী উত্তরাধিকার কাঠামো তৈরি করে দিচ্ছেন। তাঁর বয়স এখন ৮৫ বছর, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এমন অবস্থায় তাঁর আকস্মিক মৃত্যু, অথবা শত্রুপক্ষের টার্গেটেড হামলার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। ইসরায়েলের সাম্প্রতিক বিবৃতি ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী কূটনীতিও এ শঙ্কাকে আরও বাস্তব করেছে।

এই প্রেক্ষাপটে, IRGC-এর হাতে ক্ষমতা অর্পণ মানে হচ্ছে—যদি নেতৃত্বে আকস্মিক শূন্যতা তৈরি হয়, তবুও রাষ্ট্রীয় প্রশাসন, প্রতিরক্ষা ও কূটনীতি সচল থাকবে। নেতৃত্বের শূন্যতা কিংবা অস্থিরতা রোধ করতে এটি এক কৌশলগত আগাম ব্যবস্থা, যার মাধ্যমে গার্ড বাহিনী সাময়িকভাবে রাষ্ট্র পরিচালনার ভার গ্রহণ করবে যতক্ষণ না নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হন।

আধ্যাত্মিকতার ছায়ায় প্রতিষ্ঠিত সামরিক রাষ্ট্রব্যবস্থা

এই সিদ্ধান্ত ইঙ্গিত দেয়, ইরান এখন আর কেবল একটি ধর্মীয় প্রজাতন্ত্র নয়—বরং এটি এক ধরনের “মিলিটারাইজড থিওক্রেসিতে রূপ নিচ্ছে। গার্ড বাহিনী এখন শুধু সেনাবাহিনী নয়—তারা এখন ইরানের অর্থনৈতিক, কূটনৈতিক, বিচারিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও প্রভাব বিস্তার করছে। তাদের নিজস্ব মিডিয়া, ব্যবসা, ব্যাংকিং, এমনকি অবকাঠামোগত প্রতিষ্ঠান রয়েছে, যা দিয়ে তারা কার্যত এক বিকল্প প্রশাসনিক কাঠামো হিসেবে কাজ করতে সক্ষম। এর ফলে ইরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এসেছে তাৎক্ষণিকতা, আগ্রাসিতা এবং আপসহীনতা।

ইসরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ, হিজবুল্লাহ ও হুথিদের প্রতি সমর্থন, পারস্য উপসাগরে সামুদ্রিক দখল কৌশল—সবকিছুতেই এখন দেখা দেবে একটি নতুন স্বর, যেখানে সামরিক বাস্তবতা হবে মূল চালক, আর ধর্মীয় ফতোয়া হবে গৌণ।

সময় ও সংকটের চাপের প্রতিচ্ছবি

খামেনির এই পদক্ষেপ কেবল রাজনৈতিক নয়, এটি একটি গভীর মানবিক ও বাস্তবসম্মত প্রতিক্রিয়া। বয়সজনিত দুর্বলতা, অসুস্থতা, সম্ভাব্য হত্যাচেষ্টা কিংবা অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার আশঙ্কা—সব মিলিয়ে তিনি এখন স্পষ্টভাবে বুঝেছেন, সময় তার হাতে সীমিত। সেইসঙ্গে অভ্যন্তরীণ সংস্কারপন্থী আন্দোলনের পুনরুত্থান, পশ্চিমাপন্থী তরুণ সমাজের বৈপ্লবিক মনোভাব এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞাজনিত অস্থিরতাও তাঁকে বাধ্য করেছে এমন সিদ্ধান্ত নিতে—যাতে ভবিষ্যতে পশ্চিমা ‘রঙিন বিপ্লব’-এর মতো হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা রোধ করা যায়।

আন্তর্জাতিক বার্তা—নেতাকে হত্যা করলেও রাষ্ট্র ভাঙবে না

এই পদক্ষেপ একটি জোরালো বার্তা বহন করে পশ্চিমা বিশ্বের জন্য। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই খামেনিকে ‘মূল লক্ষ্য’ হিসেবে দেখে আসছে। কিন্তু এখন ইরান এক ‘ডিসেন্ট্রালাইজড অথরিটি’ কাঠামো তৈরি করেছে, যাতে নেতা অনুপস্থিত হলেও রাষ্ট্রের কৌশল, যুদ্ধনীতি এবং প্রতিরক্ষা অটুট থাকবে। বরং বিপরীতভাবে, এই পরিস্থিতিতে ক্ষমতা চলে যাবে সবচেয়ে কঠোরপন্থী এবং আপসহীন গোষ্ঠীর হাতে। এটি কেবল একটি প্রতিরক্ষামূলক কৌশল নয়, বরং একটি মনস্তাত্ত্বিক প্রতিকৌশল—যা শত্রুর কৌশলগত হিসাবকে একেবারে অচল করে দিতে পারে।

প্রতিক্রিয়া নয়, এখন পরিকল্পিত আগ্রাসন

IRGC এতদিন ছিল প্রতিক্রিয়াশীল একটি শক্তি—যে হামলার জবাব দেয়, রাষ্ট্র রক্ষায় সহায়তা করে। কিন্তু এখন তাদের ভূমিকায় এসেছে রূপান্তর। তারা এখন প্রি-এম্পটিভ অ্যাকশন নিতে সক্ষম, তারা এখন কৌশল নির্ধারণ করছে। তাদের হাতে এখন এমন সব পরিকল্পনা, যা শুধু প্রতিক্রিয়া নয়—বরং অঞ্চল নিয়ন্ত্রণ, কৌশলগত দখল এবং যুদ্ধের গতিপথ নির্ধারণের দিকেও ধাবিত।

সামরিক বিশেষজ্ঞরা এটিকে বলছেন “Doctrine of Proactive Dominance”—যার ফলে ইরান এখন যুদ্ধকে শুধু আত্মরক্ষার উপায় নয়, বরং ভূরাজনৈতিক আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে পারবে।

খাকি পোশাকেই শাসন, আবায়া শুধু প্রতীক

ইরানের রাষ্ট্রীয় শাসনের প্রতীক ছিল ধর্মীয় পোশাকে আবৃত এক গুরুতর মুখাবয়ব। কিন্তু এখন সেই প্রতীক গুটিয়ে গিয়ে উঠেছে খাকি রঙের পোশাক, শীতল কণ্ঠস্বর আর কৌশলগত ভাষায় অভ্যস্ত মুখাবয়বে। যুদ্ধের সময়ে যেভাবে সামরিক বাহিনী শাসন গ্রহণ করে, তেমনই এখন এক নতুন যুগে ইরান প্রবেশ করেছে—যেখানে যুদ্ধকালীন বাস্তবতা ছাপিয়ে গেছে ধর্মীয় বয়ানের প্রভাব।

গোটা জাতি এখন যে সিদ্ধান্তের অপেক্ষায় ছিল—এক সুসংগঠিত, কেন্দ্রীয়, দ্রুত-প্রতিক্রিয়াশীল, একনিষ্ঠ রাষ্ট্রীয় কাঠামো—তা খামেনি গড়ে দিয়েছেন তাঁর জীবনের শেষ প্রান্তে এসে।

এটি কি একটি নতুন মধ্যপ্রাচ্যের সূচনা করল?

খামেনির এই সিদ্ধান্ত শুধু ইরানের অভ্যন্তরীণ শক্তির পুনর্বিন্যাস নয়—এটি গোটা পশ্চিম এশিয়ার রাজনৈতিক মানচিত্রে এক নতুন রেখা এঁকে দিয়েছে। এই নতুন ইরান এখন শুধু ধর্মীয় মতাদর্শ নয়, সামরিক বাস্তবতায় পরিচালিত এক কৌশলগত শক্তি। তাদের সিদ্ধান্ত দ্রুত, কার্যকর এবং ঠাণ্ডা মাথার; তাদের লক্ষ্য কেবল আত্মরক্ষা নয়, এক প্রকার আঞ্চলিক প্রতিযোগিতার দখল নিশ্চিত করা।

পরিশেষে, ইরান ঝড়ের আগে তার কার্ডগুলো নতুনভাবে সাজিয়ে ফেলেছে—পরিকল্পিত, ঠাণ্ডা ও কৌশলী ভঙ্গিতে। এখন সময় পশ্চিম, আরব বিশ্ব এবং আন্তর্জাতিক শক্তিগুলোর—এই দাবার ছকে তাদের পরবর্তী চাল কী হবে, সেটিই এখন দেখার বিষয়।

লেখক
এম এম মাহবুব হাসান
ব্যাংকার ও উন্নয়ন গবেষক