অল্প সময়ের জন্য ফিরলেও ইরানে আবারও বন্ধ ইন্টারনেট সেবা

গেলো প্রায় ৬০ ঘন্টারও বেশি সময় ইরানে ইন্টারনেট বন্ধ থাকার পর শনিবার ইরানিরা ফিরে পেয়েছিলেন ইন্টারনেট ব্যবহারের সুযোগ। তবে কয়েকঘন্টা পরই দেশটিতে আবারও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ইন্টারনেট মনিটরিং প্রতিষ্ঠান নেটব্লকস।

আল জাজিরার প্রতিবেদন বলছে, কয়েকদিন বন্ধ থাকার পর পর্যায়ক্রমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছিলেন ইরানের বাসিন্দারা। ইন্টারনেট ফিরে পেয়ে বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন তারা।

এর আগে ইরানের তাসনিম নিউজ এজেন্সি দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছিলো, " রাত ৮টার মধ্যে পুরো দেশে আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা হবে”।

ইন্টারনেট না থাকায় বিদেশে বসবাসরত ইরানি প্রবাসীরা তাদের পরিবারে খোঁজ নিতে পারছিলেন না। এমনকি যুদ্ধের সর্বশেষ পরিস্থিতিও জানা যাচ্ছে না ইন্টারনেট না থাকার কারণে।

ইরানের সরকারি কর্মকর্তারা সপ্তাহের শুরুতে সাইবার নিরাপত্তার হুমকির কথা চিন্তা করে ফোন ও অনলাইন পরিষেবা বিচ্ছিন্ন করে দেন। ইসরায়েলের হামলার সময় ইন্টারনেট সংযোগ না থাকায় মানুষ কয়েক ঘণ্টা বা কয়েক দিন পর্যন্ত জানতেই পারেননি তাদের পরিবার বা বন্ধুরা সুস্থ আছেন কি না।