ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইয়েমেনের ইরানপন্থি হুথি গোষ্ঠী। গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ সতর্ক করে দিয়ে বলেছেন, ‘এটি কোনো বিচ্ছিন্ন হামলা নয়, বরং যুদ্ধের সূচনা। এখন আর পিছু হটার সময় নেই।’
হামলার কয়েক ঘণ্টা আগেই হুথি গোষ্ঠী স্পষ্ট করে দিয়েছিল, ‘যদি ট্রাম্প ইসরাইলের সঙ্গে মিলে ইরানে আক্রমণ চালান, তাহলে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন নৌজাহাজগুলো তাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’ আল-ফারাহ আরও যোগ করেন, ‘ট্রাম্প দ্রুত যুদ্ধ শুরু ও শেষ করতে চান, কিন্তু এই হামলা শুধুই সূচনা।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দাবি করেছেন, ‘আমরা ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছি। আমাদের সব বিমান নিরাপদে ফিরে এসেছে।’ তিনি একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স রিপোর্টও শেয়ার করেছেন, যেখানে দাবি করা হয়েছে, ইরানের সর্বাধিক সুরক্ষিত পারমাণবিক স্থাপনা ‘ফোরদো’ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এই হামলার পর মধ্য প্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ না করলেও হুথি গোষ্ঠীর এই হুঁশিয়ারি আঞ্চলিক সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংঘাত যদি বিস্তৃত হয়, তবে তা ইয়েমেন, ইরাক ও সিরিয়ার যুদ্ধে জড়িত বিভিন্ন গোষ্ঠীকেও সরাসরি প্রভাবিত করতে পারে।