জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) স্পষ্ট জানিয়েছে, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর আশেপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বেড়ে যাওয়ার কোনো প্রমাণ তাদের হাতে নেই। সংস্থাটি আজ রবিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবিসির প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
আইএইএ’র বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আক্রান্ত স্থানগুলোর পারিপার্শ্বিক অঞ্চলে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি। আমরা ইরান থেকে আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে মূল্যায়ন করব।’
উল্লেখ্য, গতকাল শনিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (এইওআই) এই হামলাকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) লঙ্ঘন বলে উল্লেখ করেছে। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এক কর্মকর্তার বরাত দিয়ে দাবি করেছে, আক্রান্ত স্থাপনাগুলোতে তেজস্ক্রিয়তা সৃষ্টির মতো কোনো উপাদানই ছিল না।