শাহ আমানত বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ ই-সিগারেট উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আগত যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট উদ্ধার করেছে এনএসআই টিম ও নিরাপত্তা শাখা।

আজ রবিবার ভোরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী মাওলানা মোহাম্মদ আইয়ুবের ব্যাগেজ থেকে এসব ইলেকট্রিক সিগারেট উদ্ধার করা।

সূত্র জানায়, যাত্রী মোহাম্মদ আইয়ুব গ্রিন চ্যানেল পার হয়ে চলে যাওয়ার সময় বিমানবন্দর এনএসআই টিম তাকে সরিয়ে এনে ব্যাগেজ তল্লাশির চ্যালেঞ্জ জানায়। উদ্ধার করা পণের মধ্যে রয়েছে-২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি সিগারেট কার্টিজ, এবং ৩০ টি সিগারেট কয়েল।

যাত্রী মাওলানা মোহাম্মদ আইয়ুবের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়৷উদ্ধার করা ইলেকট্রিক সিগারেটের মূল্য ৪০ হাজার টাকা, সিগারেট রিফিল লিকুইড ৮ লাখ ৩৩ হাজার টাকা, সিগারেট কার্টিজ ১ লাখ ৪০ হাজার টাকা, সিগারেট কয়েল ৬০ হাজার টাকা৷ মোট ১০ লাখ ৭৩ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় আটককৃত মালামাল ডিএম করে যাত্রী মাওলানা মোহাম্মদ আইয়ুবকে ছেড়ে দেওয়া হয়েছে।