বাংলাদেশে ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার নিষিদ্ধে হাইকোর্টের রুল 

বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধসহ ব্লক করা প্রশ্নে রুল দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আজ রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়।

তথ্য ও সস্প্রচার সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইসিটি সচিব এবং বিটিআরসি’র চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট।

রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের প্রচারিত নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ ও ব্লকের আরজি জানিয়ে হাইকোর্টে রিট আবেদনটি করেন আইনজীবী মো. মাহমুদুল হাসান। ইতোপূর্বে রিপাবলিক বাংলা চ্যানেলের সম্প্রচার বন্ধে সংশ্লিষ্টদের আইনি নোটিশ দিয়েছিলেন রিটকারী আইনজীবী।

রিটকারী আইনজীবী বলেন, রিপাবলিক বাংলা চ্যানেল নিয়মিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই চ্যানেল ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এই ভারতীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশের ভূখণ্ড থেকে চট্টগ্রাম  বিভাগকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে যুক্ত করার অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ছাড়া নানা সাম্প্রদায়িক গুজব ছড়িয়ে দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই ‘রিপাবলিক বাংলা’ চ্যানেল বন্ধ ও এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আদালতে আমরা উদ্বেগের বিষয়টি উল্লেখ করে শুনানি করেছি। হাইকোর্ট রুল দিয়েছেন।