বাংলাদেশি পরিবারকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

ভারতে আটক করার পর সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী সীমান্ত দিয়ে বাংলাদেশি একটি পরিবারের চার সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি মো. হুমায়ুন কবির মোল্যা জানান, শনিবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্তের কালিন্দী নদীর শূন্যরেখা এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- সাতক্ষীরা জেলার আশাশুনি থানার গদাইপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে মো. নুর আলম (৩৬), তার স্ত্রী আয়েশা খাতুন (২৬) এবং তাদের দুই মেয়ে লাবিবা (৬) ও লামিয়া (১৬ মাস)।

ফেরত আসার নুর আলম জানান, আড়াই বছর আগে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারতের কেরালা শহরে যান তারা। চিকিৎসা দীর্ঘ মেয়াদী হওয়ায় তিনি পরিবার নিয়ে সেখানেই ছিলেন। এ সময় তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা সেখানে অবৈধ হয়ে যান। পরে তারা অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্ত এলাকায় অবস্থান নেন। এ সময় বিএসএফ তাদের আটক করে।

ওসি মো. হুমায়ুন কবির মোল্যা জানান, নাগরিকত্ব যাচাই-বাছাই করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।