দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় দলীয় প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চেয়েছে দলটি।
আজ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশন ও দেশবাসীর কাছে আবেদন থাকবে—আমাদের যেন শাপলা প্রতীক দেওয়া হয়। আমরা স্বল্প সময়ে দল গঠন করতে পেরেছি এবং সারা বাংলাদেশে কথা বলেছি। তবে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই—অনেক জায়গায় অফিস নিতে গিয়েছি, সেখানে আমাদের অফিস নিতে বাঁধা দেওয়া হয়েছে। অনেক জায়গায় আমরা কমিটি গঠন করতে গিয়েছি, সেখানে দলীয় এজেন্ট আমাদের মধ্যে ঢুকিয়ে আবার তাদের পদত্যাগ করিয়েছে। এই হলো বাংলাদেশের রাজনৈতিক কালচার। আমরা সকল প্রতিকূলতা অতিক্রম করে আজ এখানে এসে দাঁড়িয়েছি।
৪০০ আসনের মধ্যে তিন শ আসন এনসিপি পাবে জানিয়ে তিনি বলেন, পার্লামেন্ট এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে সংস্কার কমিশন বা ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী ৪০০ আসন হবে। এসব আসনের মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে। এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। যার মাধ্যমে গণঅভ্যুত্থানের সংস্কার, গণপরিষদের কার্যাবলি জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেভ্যুলেশনের মাধ্যমে সম্পন্ন হবে।
আগামী নির্বাচনে শাপলা প্রতীকের জয়জয়কার হবে বলে প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে যেভাবে দেশের মানুষের জয় হয়েছিল, তেমনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ শাপলা প্রতীকে ভোট দেবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে।