রামুতে নিখোঁজ কৃষকের মরদেহ ২ দিন পর উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার সোনাইছড়ি খালে পানির স্রোতে ভেসে যাওয়া কৃষক শামসুল আলমের মরদেহ ২দিন পর উদ্ধার হয়েছে।

রবিবার বিকাল তিনটায় খালের নিখোঁজ হওয়া অংশে তার মরদেহ ভেসে উঠলে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স।

নিহত শামসুল আলম (৫০) উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব পাড়ার বাঁচা মিয়ার ছেলে।

চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন শুক্রবার, ২০ জুন বিকালে গরু নিয়ে বাড়ি ফেরার সময় খালের পানির প্রবল স্রোতে ডুবে যান কৃষক শামসুল আলম।

শনিবার, ২১ জুন সকালে রামু ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং বিকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ ডুবুরি দল প্রাণপণ চেষ্টা চালালেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়নি।

রবিবার বিকালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করা হয়।