বাড়ির টয়লেটের ছাদে গাঁজার চাষ, যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাইজাল বরুন্ডি এলাকা থেকে চারটি গাঁজার গাছসহ মো. ফয়সাল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ফয়সাল নিজ বাড়ির টয়লেটের ছাদে গোপনে গাঁজার চারটি গাছ রোপণ করেছিলেন।

রবিবার (২২ জুন) দুপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. মোশাররফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. ফয়সাল মিয়া ওই উপজেলার সাইজাল বরুন্ডি এলাকার বাসিন্দা।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এসআই মো. আবুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ফয়সালকে গাঁজার গাছসহ গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া গাছগুলোর বাজারমূল্য আনুমানিক ২০ হাজার টাকা বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. মোশাররফ হোসেন বলেন, ‘মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গাঁজার গাছসহ ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাটুরিয়া থানায় মামলা করা হয়েছে।’