নিজের নামে সিরিজ শুরুর পর প্রথমবার নেতৃত্বে অ্যান্ডারসন

৭০০ টেস্ট উইকেটের মালিক তিনি। বয়স ৪২ ছুঁয়েছে বহু আগেই। এখনও থেমে যাননি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন। অথচ চলমান ভারত-ইংল্যান্ড সিরিজটাই আবার তার নামে। ‘টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’নামকরণ করা হয়েছে তার এবং শচীন টেন্ডুলকারের নামে। সেই সম্মানের পর এবার প্রথমবারের মতো ক্রিকেট ম্যাচে অধিনায়কত্ব করতে দেখা যাবে তাকে।

কোনো খেলোয়াড়ের নামে সিরিজ হওয়া নতুন নয়। তবে নিজে এখনও মাঠে খেলে যাচ্ছেন, অথচ তার নামেই হয়েছে একটি আন্তর্জাতিক সিরিজ—এমন ঘটনা ক্রিকেট ইতিহাসেই নেই বললেই চলে। ইংল্যান্ড-ভারত মধ্যকার চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজই প্রথমবারের মতো ‘টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’ নামে হচ্ছে। জীবন্ত দুই কিংবদন্তির নামে ট্রফি, দুজনেই ইতিহাসের পাতায় অমর, কিন্তু অ্যান্ডারসনের ক্ষেত্রে বিষয়টা আরও ব্যতিক্রম। কারণ তিনি এখনও খেলছেন।

আর এই ব্যতিক্রমের মধ্যে আরও এক ব্যতিক্রম জুড়েছে এবার। পেশাদার ক্রিকেটে দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে কখনও অধিনায়কত্ব করেননি জেমস অ্যান্ডারসন। এবার সেটিও হতে যাচ্ছে। প্রথমবারের মতো ল্যাঙ্কাশায়ারের কাউন্টি দলে নেতৃত্ব দিচ্ছেন তিনি। কেন্ট ও ডার্বিশায়ারের বিপক্ষে আগামী দুই ম্যাচে থাকছেন অধিনায়ক হিসেবে।

ল্যাঙ্কাশায়ারের নিয়মিত অধিনায়ক মার্কাস হ্যারিস অস্ট্রেলিয়ায় পিতৃত্বকালীন ছুটিতে থাকায় অ্যান্ডারসনকেই সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও ছোট্ট এক দফার অধিনায়কত্ব, তবু এটাই পেশাদার ক্রিকেটে তার প্রথমবার দলনেতা হওয়ার অভিজ্ঞতা।

জীবনের পড়ন্ত বিকেলে এসেও নতুন নতুন অধ্যায় লিখে চলেছেন জেমস অ্যান্ডারসন। খেলছেন, নেতৃত্ব দিচ্ছেন, আর তার নামেই হচ্ছে আন্তর্জাতিক সিরিজ—ক্রিকেট ইতিহাসে এমন সম্মান পাওয়ার নজির হয়তো কেবল তিনিই রেখে যাবেন।