ইরানের পরমাণু স্থাপনায় হামলাকে ‘অসাধারণ সাফল্য’ বললো পেন্টাগন

মধ্যরাতে ইরানের পরমাণু স্থাপনায় চালানো অপারেশন ‘মিডনাইট হ্যামার’-কে ‘অসাধারণ ও সর্বজন গৃহীত’ সাফল্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।

রবিবার পেন্টাগনের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পিট হেগসেথ বলেন, হামলায় সাতটি বি-২ বোমার বিমান এবং যুদ্ধে প্রথমবারের মতো “বাঙ্কার বাস্টার” বোমা ব্যবহার করা হয়েছে।

এছাড়াও সেনা ও পেন্টাগনের দুইশীর্ষ কর্মকর্তা রবিবার জানান, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থানে হামলা চালিয়েছে।

জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান বলেন, এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় বি-২ অপারেশনাল স্ট্রাইক। লক্ষ্যকেন্দ্রগুলোতে আমরা অত্যন্ত ভয়াবহ ক্ষতি ও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছি।

জেনারেল ড্যান কেয়েন বলেন, এটি অত্যন্ত গোপনীয় মিশন ছিল। খুব কম মানুষই এই পরিকল্পনার সময় বা প্রকৃতি সম্পর্কে জানত। অপারেশন মিডনাইট হ্যামার নামে এই অভিযানে সাতটি বি-২ স্পিরিট স্টিল্থ বোমা ব্যবহার করা হয়েছে যা মিসৌরি থেকে ইরানের দিকে উত্তর-পূর্ব কোণে উড়ে গেছে। ১৮ ঘণ্টা ধরে উড়ে চালানো এই অভিযানে একাধিকবার জ্বালানি ভরতে হয়েছে।