সাভারে একটি তৈরি পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
এ সময় অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা কারখানার শ্রমিক ও নিরাপত্তা কর্মীদের বেঁধে সুতাসহ ওই কারখানার প্রায় কোটি টাকার মালামাল লুট করে।
এ ঘটনায় আশুলিয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার বাড়ইপাড়া এলাকার হক অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামক কারখানার নিটিং সেকশন এবং গুদামে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
কারখানার কর্মকর্তারা জানান, শনিবার ভোর ৪টার দিকে ১৫-১৬ সদস্যের একদল অস্ত্রধারী ডাকাত হক অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানার মূল ভবনের পেছনের দিকের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে।
এ সময় সেখানে নিটিং সেকশনে কর্মরত দুজন অপারেটরকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে কারখানাটি দায়িত্বপালনকারী দুজন নিরাপত্তারক্ষীকে একইভাবে বেঁধে রেখে নিটিং শাখার দুটি কম্পিউটার এবং গুদাম থেকে ১০ টন ফেব্রিক, ৫ টন সুতাসহ আনুমানিক এক কোটি টাকার মালামাল লুট করে দুটি ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাতরা।
কারখানাটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলাম বলেন, অস্ত্রধারী ডাকাত দলের কাছে দুটি পিস্তল ও রামদা ছিল। মুখে মাস্ক থাকলেও তারা গুদামের কাপড় দিয়ে পুরো মুখম-ল ঢেকে নিয়েছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো ডাকাতরা ধরা পড়েনি এবং কোনো মালামালও উদ্ধার হয়নি।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।