সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন মাসউদুল হক (ইউএনবি) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উবায়দুল্লাহ বাদল (কালের কণ্ঠ)। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচন হয়। প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ নির্বাচনের ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমাদ।
মাসউদুল হক ৭৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব (প্রতিদিনের বাংলাদেশ) পেয়েছেন ৭০ ভোট। বিদায়ী কমিটিতে মাসউদুল সাধারণ সম্পাদক ও মাহতাব সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী মোহাম্মদ উবায়দুল্লাহ (বাদল) পেয়েছেন ৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী আজাদ মাসুম ৪৯ ও মোহাম্মদ আকতার হোসেন পেয়েছেন ৪১ ভোট। বিএসআরএফের ১৫৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫১ জন। কার্যনির্বাহী কমিটির ১৭টি পদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ছাড়া সব পদে ভোট হয়।