নতুন ভোটার প্রায় ৬০ লাখ, চলতি মাসেই মিলবে তালিকা

প্রাথমিকভাবে ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন তবে চূড়ান্ত অনুমোদনের আগে বড় ধরনের ভুল এড়াতে মাঠ কর্মকর্তাদের পুনরায় প্রুফ রিডিংয়ের নির্দেশনা দিয়েছে সংস্থাটি। আগামী ৩০ জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করার সময় বেঁধে দিয়েছে কমিশন।

এ সংক্রান্ত  নির্দেশনাটি ইতিমধ্যেই সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী। নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে ভোটারযোগ্য নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ও মাঠ পর্যায়ে নিবন্ধন কার্যক্রম গত ১১ এপ্রিল এবং প্রুফ রিডিংসহ ডেটা আপলোড কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তারপরও ভোটারযোগ্য ব্যক্তির সরবরাহ করা তথ্য সঠিকভাবে সন্নিবেশিত না হয়ে থাকলে জাতীয় পরিচয়পত্রে ভুলত্রুটি এড়ানোর লক্ষ্যে পুনরায় প্রুফ রিডিং বা সংশোধন কার্যক্রম গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৬০ লাখের মতো নতুন ভোটার তালিকায় যুক্ত হচ্ছে। আগের ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ।