চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার ৩৮৭ টাকায়। সোমবার (২৩ জুন) সকালে উত্তম দাসের আড়ৎ থেকে নিলামে নবির হোসেন নামের এক মাছ ব্যবসায়ী মাছটি কিনে নেন।
ব্যবসায়ীরা জানান, মেঘনা নদীতে ধরা পড়া ২ কেজি ৫৫০ গ্রাম ওজনের ইলিশটি সোমবার সকালে আড়তে আনা হয়। পরে নিলামে মাছটি ২ লাখ ২০ হাজার ৫০০ টাকা মণ হিসেবে বিক্রি করার উদ্দেশ্যে কিনে নেন ব্যবসায়ী নবির। এতে এই ইলিশ মাছের দাম পড়ে পরে ১৩ হাজার ৩৮৭ টাকা। নিলামে প্রায় ১৫ জন ব্যবসায়ী অংশ নেন।
ব্যবসায়ী নবীর হোসেন জানান, জুন মাস থেকে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন যা রাজা ইলিশ নামে পরিচিত। যা আগে দেখা যায়নি। আড়াই কেজি ওজনের ইলিশটি ছাড়াও আজকে আরেকটি ২ কেজি ওজনের ইলিশ ৯ হাজার ১০০ টাকায় কিনে নেন তিনি। কিছুদিন আগেও দুই কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে, সেটিও তিনি কিনেছেন।