হরমুজ প্রণালী থেকে ফিরে গেছে ৩টি ট্যাংকার: ট্র্যাকিং ডেটা

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান। এ পথে সম্ভাব্য ঝুঁকি এড়াতে তিনটি তেল ও রাসায়নিকবাহী ট্যাংকার প্রণালী থেকে সরে গেছে।

মেরিন ট্র্যাফিক প্ল্যাটফর্মের তথ্য থেকে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে আলজাজিরা।

ট্র্যাকিং ডেটা অনুযায়ী, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘মেরি সি’ এবং পানামার পতাকাবাহী ‘রেড রুবি’ ট্যাংকার দুটি হরমুজ প্রণালীর দিকে যাত্রা করার পর তা পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাত উপকূলসংলগ্ন ফুজাইরাহর কাছে নোঙর করেছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের পতাকাবাহী ‘কোহজান মারু’ ওমান উপসাগরে ওমানের জলসীমার কাছাকাছি চলে গেছে বলে ট্র্যাকিং তথ্য থেকে জানা যায়।

এদিকে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের একটি প্রস্তাবকে সমর্থন করেছে বলে জানা গেছে। তবে এ ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে।