ইরানের প্রতি সংহতি প্রকাশ ও আমেরিকার সরাসরি হামলার প্রতিবাদে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার আঞ্জুমান-এ-পাঞ্জাতানি ও জামিয়্যাতে মুহিব্বীনে আহলে বাইত যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি বলেন, ইরান আজ এক অন্যায় হামলার শিকার, কিন্তু মনে রাখতে হবে টার্গেট গোটা মুসলিম উম্মাহ। এখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য। মুসলমানদের এক হয়ে দাঁড়াতে হবে।
জমিয়্যাতে মুহিব্বীনে আহলে বাইত বাংলাদেশের রাহবার মাওলানা ইব্রাহীম ফায়জুল্লাহ বলেন, আমাদের এই প্রতিবাদ শুধু একটি দেশের জন্য নয়, বরং গোটা মুসলিম জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম। ইরানের প্রতিরোধ আমাদের অনুপ্রেরণা, আমাদের ঐক্যের চাবিকাঠি।
এছাড়াও বক্তৃতা করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসাইন, গবেষণা বিভাগের প্রধান ড. এম. এ. কাইউম, সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক এবং আঞ্জুমান-এ-পাঞ্জাতানির সাধারণ সম্পাদক মো. ইকবাল প্রমুখ।
মানববন্ধনে প্রতিবাদকারীরা ব্যানার, ফেস্টুন এবং স্লোগানের মাধ্যমে ইসরায়েল ও আমেরিকার বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃঢ় সংকল্প ঘোষণা করেন।