ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৪% কমে ব্যারেলপ্রতি ৬৮ ডলারে নেমে এসেছে, যা গতকাল সোমবারের তুলনায় ৭% পতনের ধারাবাহিকতা। বর্তমানে তেলের দাম ১২ জুনের চেয়েও কম, যেদিন ইসরায়েল ইরানের ওপর প্রথম হামলা চালিয়েছিল।  
 
মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পেয়ে এশিয়ার শেয়ার বাজারগুলোও ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপানের নিক্কেই, দক্ষিণ কোরিয়ার কোস্পি এবং অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক সবই ঊর্ধ্বমুখী। বিনিয়োগকারীরা আশাবাদী যে সংঘাতের অবসানে বিশ্ব অর্থনীতি স্থিতিশীল হবে।  

এর আগে, ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে জানান, ইরান ও ইসরায়েল ‘পূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে। তিনি লিখেছেন, ‘আগামী ৬ ঘণ্টার মধ্যে উভয় পক্ষ তাদের সামরিক অভিযান গুটিয়ে নেবে। এরপর ১২ ঘণ্টা পর সংঘাত আনুষ্ঠানিকভাবে শেষ হবে।’ 
 
যদিও ট্রাম্পের এই ঘোষণায় বাজারগুলোতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, কিন্তু ইসরায়েল বা ইরানের আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, বাস্তবে যুদ্ধবিরতি কার্যকর হলে তেলের দাম আরও কমতে পারে, অন্যথায় আবারও অস্থিরতা তৈরি হতে পারে।  

বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং দুই দেশের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।