গত বছর জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় সংঘটিত গণহত্যা ও ৬ জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ঢাকার তৎকালীন পুলিশ সুপারসহ ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার (২৪ জুন) তদন্ত শেষে প্রতিবেদনটি প্রসিকিউশনে দাখিল করা হয়েছে। পরে যাচাই-বাছাই শেষে এটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র।
মঙ্গলবার সকালে এই মামলার শুনানিতে গ্রেপ্তারকৃত পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ মোট ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়াও, এদিন মানবতাবিরোধী অপরাধ মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও গুম সংক্রান্ত মামলায় জিয়াউল আহসানকে আদালতে উপস্থাপন করা হয়।