কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্ম থেকে একটি পিস্তল ও খালি ম্যাগজিনসহ শামীম (২২) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। গুলি ছাড়া পিস্তলটি এ সময় যুবক তার কোমরে বহন করছিলেন। শামীম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে রেলওয়ে জিআরপি থানায় হস্তান্তর করা হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর জানায়, ঢাকা থেকে ছেঁড়ে আসা কিশোরগঞ্জগামী আন্ত:নগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে থামলে শামীম অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিলেন। বিষয়টি প্ল্যাটফর্মে দায়িত্বে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নজরে আসলে তারা তাৎক্ষণিকভাবে তাকে চ্যালেঞ্জ করেন এবং চৌকিতে নিয়ে গিয়ে তল্লাশি চালান। এ সময় যুবকের কোমরে গোজা অবস্থায় একটি পুরনো পিস্তল ও গুলি ছাঁড়া একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভৈরব চৌকির ইনচার্জ হাসান মাহমুদ জানান, রাত প্রায় সাড়ে ৮টার দিকে কর্তব্যরত সদস্যরা একজন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে করেন। তাকে আটক করে তল্লাশি চালানো হলে একটি জরাজীর্ণ পিস্তল উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পিস্তল বহনের নির্দিষ্ট কারণ জানা যায়নি।