ঠাকুরগাঁওয়ে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে সদর উপজেলার ভুল্লী খোশবাজার এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার মো. আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুন (১৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস (প্রা: লি:) এর একটি বাস (ঢাকা মেট্রো- ব ১৪-৮১৫২) দ্রুত গতিতে আসছিল। বাসটি ভুল্লীর খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে পৌঁছালে সামনে থাকা একটি তিন চাকার থ্রি-হুইলার ‘পাগলু’ গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় পাগলু গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এসময় থ্রি-হুইলার পাগলু চালক বাবা ঘটনাস্থলে এবং মেয়েকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে
বলে জানান ওসি।