কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে জেলের বড়শিতে ২২ কেজি ওজনের একটি কোরাল ও ১৭ কেজি ওজনের একটি রিটা মাছ ধরা পড়েছে। তবে নাফ নদীতে এত বড় আকারের রিটা মাছ ধরার পড়ার ঘটনা এই প্রথম। ধরা পড়া সাড়ে চার ফুট লম্বা কোরাল মাছটি ২৫ হাজার এবং সাড়ে তিন ফুট লম্বা রিটা মাছটি ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (২৩ জুন) রাত সাড়ে আটটার দিকে নাফ নদীর টেকনাফ পৌরসভার ট্রানজিট জেটিঘাটে মাছ দুটি ধরা পড়ে। এ তথ্য নিশ্চিত করেছেন ট্রানজিট জেটিঘাটের ইজারাদারের উশুল (টোল) আদায়কারী হামিদ হোসেন বলেন, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা ফিরোজ আহম্মদের বড়শিতে মাছ দুটি ধরা পড়ে।
ফিরোজ আহম্মদ বলেন, সোমবার সন্ধ্যার দিকে নাফ নদীতে তিনি কয়েক দফা বড়শি ফেলেন। শেষ মুহূর্তে বড় একটি রিটা (গুইজ্জ্যা) মাছ ধরা পড়ে। আবারও বড়শি ফেলার কিছুক্ষণ পর আরেকটি বড় কোরাল মাছ ধরা পড়ে। পরে রাত সাড়ে নয়টার দিকে তিনি মাছ দুটি টেকনাফ বাসস্টেশন বাজারে নিয়ে যান।
কোরাল ও রিটা মাছটির দাম যথাক্রমে ২৬ হাজার ও ১২ হাজার টাকা হাঁকানো হয়েছিল। পরে মো. ঈমান হোসেন নামে এক মাছ ব্যবসায়ী ৩৭ হাজার টাকায় মাছ দুটি কিনেন।
ব্যবসায়ী ঈমান হোসেন বলেন, এখন প্রায় সময় নাফে বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে। তবে এই প্রথম বড়শিতে ১৭ কেজি ওজনের রিটা ধরা পড়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে টেকনাফ বড় বাজারে কোরালটি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা এবং রিটা মাছটি প্রতি কেজি ৮৫০ টাকায় বিক্রির জন্য তোলা হয়।
এ বিষয়ে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, প্রায় সময়ই নাফ নদীতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। তবে এই প্রথম নাফে রিটা মাছ ধরা পড়ার খবর শুনেছি। কোরাল ও রিটা মাছের স্বাদও বেশ ভালো। তাই বাজারে মাছ দুটির ভালো চাহিদা রয়েছে।