গলে দারুণ লড়াইয়ের পর দ্বিতীয় ও শেষ টেস্টের আগে বাংলাদেশ শিবিরে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। হেড কোচ ফিল সিমন্স মনে করছেন, সিরিজের প্রথম টেস্টে দৃঢ়তায় ভরা পারফরম্যান্স দলকে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে রেখেছে।
আগামীকাল (রবিবার) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে শুরু হতে যাওয়া ম্যাচটিকে তাই বাংলাদেশ দেখছে জয় ছিনিয়ে আনার সুযোগ হিসেবে।
গল টেস্ট বৃষ্টিতে ড্র হলেও সেখান থেকে দলের পারফরম্যান্সে যথেষ্ট ইতিবাচকতা দেখেছেন কোচ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘প্রথম টেস্টে আমরা সাধারণত একটু ধীরে শুরু করি। কিন্তু এবার শুরুতেই ছন্দে ছিল দল। এটা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।’
প্রথম টেস্টে ঘোষণা বিলম্ব নিয়ে কিছু সমালোচনা হলেও সিমন্স জানান, পরিকল্পনা ছিল, কিন্তু সময় ও আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়।
সিমন্স বলেন, ‘বৃষ্টি আসার আগে আমরা কৌশল সাজাচ্ছিলাম। উইকেট তখনো ভালো ছিল, তেমন টার্ন করছিল না। রাফ ছিল, তবে ওদের মাত্র দুজন বাঁহাতি ব্যাটার ছিল। বৃষ্টি কিছু ওভার কেড়ে নেওয়ায় পরিকল্পনা বদলাতে হয় আমাদের।’
কলম্বো টেস্টের উইকেট নিয়েও আশাবাদী বাংলাদেশ কোচ। তিনি বললেন, শুরুতে ব্যাটিং সহায়ক হলেও পরে বোলারদের জন্য কিছু থাকবে বলে ধারণা করছেন, ‘গতকাল উইকেট ভালোই লাগছিল। আজ এখনো দেখিনি, তবে মনে হচ্ছে ভালো একটা পিচ হবে। আমরা চেষ্টা করব গলে যেমন খেলেছি, তেমন বা আরও ভালো খেলতে।’
এই ম্যাচে বড় দুশ্চিন্তার জায়গা হচ্ছে স্পিন আক্রমণে কার ওপর ভরসা করা হবে তা নিয়ে। গলে ৪ উইকেট নিয়ে আলো ছড়ানো নাঈম হাসান দলে জায়গা ধরে রাখবেন, নাকি বিশ্ব র্যাংকিংয়ে দুই নম্বরে থাকা মেহেদী হাসান মিরাজের ফেরার পর তাকে বসে থাকতে হবে—এ নিয়ে দ্বিধায় সিমন্স।
কোচ বলেন, ‘এটাই সবচেয়ে কঠিন জায়গা। নাঈম দারুণ খেলেছে গলে। ওকে বাদ দেওয়া কঠিন। তবে সবাই বোঝে, দলগঠন নির্ভর করে কন্ডিশনের ওপর। আমরা চেষ্টা করি সবাইকে বোঝাতে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’
এখনো ঠিক হয়নি, তিন পেসার না তিন স্পিনার নিয়ে নামবে বাংলাদেশ। পিচ দেখে বিকেলে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
মিরাজের অন্তর্ভুক্তি দলকে বাড়তি শক্তি দিচ্ছে বলেও মনে করছেন সিমন্স, ‘মিরাজ বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন। তবে শুধু ওর ওপর ভরসা করে লাভ নেই। প্রত্যেককে নিজের দায়িত্বটা পালন করতে হবে।’
অবশেষে, শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে জয়ই লক্ষ্য বাংলাদেশ কোচের। সাহসী কণ্ঠে বললেন, ‘শ্রীলঙ্কা ভালো ক্রিকেট খেলছে। তবে আমরা সবসময় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামি। এই ম্যাচেও ব্যতিক্রম হবে না।’