বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড (জিডিসি), দেশের অবকাঠামো উন্নয়নের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। প্রতিষ্ঠানটি আরএসজিটি বাংলাদেশ লিমিটেডের (আরএসজিটিবি) জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলারের সীমিত দায় ভিত্তিক ঋণ অর্থায়ন সফলভাবে সম্পন্ন করেছে। এই অর্থায়ন চট্টগ্রাম বন্দরে একটি অত্যাধুনিক কনটেইনার টার্মিনাল নির্মাণে ব্যবহৃত হবে, যা পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) মডেলে বাস্তবায়িত বাংলাদেশের প্রথম বেসরকারি খাতে নেতৃত্বাধীন পোর্ট প্রকল্প।
১৭০ মিলিয়ন মার্কিন ডলারের এই টার্মিনালটি ২২ বছরের কনসেশন চুক্তির আওতায় গড়ে উঠছে। এই প্রকল্পটি বাংলাদেশের অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ সংগ্রহে সরকারের প্রতিশ্রুতি ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য প্রস্তুতির প্রতিফলন।
এই ঋণ অর্থায়ন সংগ্রহে অংশগ্রহণকারী কনসোর্টিয়ামে ছিলেন: - ইসলামিক কর্পোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি), বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল), ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), পূবালী ব্যাংক পিএলসি
এই প্রকল্পে দেশি-বিদেশি উন্নয়ন সংস্থা ও বাণিজ্যিক ব্যাংকের সম্পৃক্ততা বিনিয়োগকারীদের আস্থা এবং প্রকল্পটির বাণিজ্যিক সম্ভাবনার প্রমাণ বহন করে.
এই ঐতিহাসিক অর্জন উদ্যাপন করতে সোমবার (২৩ জুন) দ্য ওয়েস্টিন ঢাকা-তে একটি সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: মো. রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড, এরউইন হেইজ, সিইও- আরএসজিটি বাংলাদেশ লিমিটেড, জওয়াদ মাহমুদ খোখর, ইউনিট ম্যানেজার (ইনফ্রাস্ট্রাকচার) (আইসিডি), আলমগীর মোর্শেদ, নির্বাহী পরিচালক ও সিইও, (ইডকল), এস. এম. আনিসুজ্জামান, সিইও, (বিআইএফএফএল), মো. আলী, এমডি ও সিইও, পূবালী ব্যাংক, নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা-গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং চেয়ারম্যান- গ্রিন ডেল্টা ক্যাপিটাল, ফারজানা চৌধুরী, এমডি ও সিইও, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিবৃন্দ
উপস্থিত অতিথিবৃন্দ উক্ত মাইলফলকে দেশের গৌরব উল্লেখ করে বলেন যে, এই প্রকল্প বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটাবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং সাপ্লাই চেইন অবকাঠামো শক্তিশালী করবে। এতে দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি স্থায়ী প্রবৃদ্ধির পথ সুগম হবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ সহজ হবে।
গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড দেশের অন্যতম শীর্ষস্থানীয় পূর্ণাঙ্গ ইনভেস্টমেন্ট ব্যাংক, যারা স্ট্র্যাটেজিক অ্যাডভাইসরি, মূলধন সংগ্রহ এবং স্ট্রাকচারিং-এ পারদর্শী। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রায় এবং ৩২ বিলিয়ন টাকা সমপরিমাণ স্থানীয় মুদ্রায় ঋণ ও বন্ড লেনদেন সফলভাবে সম্পন্ন করেছে।
আরএসজিটি বাংলাদেশ লিমিটেড হল সৌদি আরব-ভিত্তিক বৈশ্বিক পোর্ট অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল আরএসজিটির একটি সহযোগী প্রতিষ্ঠান, যারা জেদ্দা ইসলামিক পোর্টে ২০৫০ সাল পর্যন্ত ১.৭ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতিসহ বিল্ড অপারেট ট্রান্সফার (বিওটি) মডেলে ফ্ল্যাগশিপ টার্মিনাল পরিচালনা করছে। এই অপারেটরটি সৌদি ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসেস গ্রুপ (সিসিসকো) এবং মালয়েশিয়ান মাইনিং কর্পোরেশনের (এমএমসি)-এর যৌথ উদ্যোগ। আরএসজিটির বাংলাদেশে প্রবেশের মাধ্যমে আন্তর্জাতিক মানের অপারেশনাল স্ট্যান্ডার্ড এবং সেরা ব্যবস্থাপনা পদ্ধতি দেশের বন্দর খাতে যুক্ত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।